নিউইয়র্কে প্রকাশনা উৎসব, উন্মোচিত হলো পি. পারমিতার প্রথম উপন্যাস অ্যাপেটাইট
- প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ১৯:১০
- / 4
নিউইয়র্ক, ৭ আগস্ট (প্রজন্ম কথা) – বাংলাদেশি বংশোদ্ভূত লেখক পি. পারমিতার প্রথম উপন্যাস অ্যাপেটাইট প্রকাশ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটানের স্ট্র্যান্ড বুকস্টোরে আয়োজিত অনুষ্ঠানে লেখক উপন্যাসটির একটি অংশ পাঠ করে শোনান এবং পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রকাশনা উৎসব উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত স্ট্র্যান্ড বুকস্টোরের সভাঘরে পি. পারমিতা ও লেখক হ্যালি জ্যাকবসনের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতা নিয়ে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। কানায় কানায় পূর্ণ সভাঘরে তাঁদের আলোচনা বারবার হাসি ও করতালিতে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব শেষে পি. পারমিতা পাঠকদের জন্য বইয়ে অটোগ্রাফ দেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই বইঘরে থাকা অ্যাপেটাইট-এর সব কপি বিক্রি হয়ে যায়।
উপন্যাসটি প্রকাশ করেছে ডায়াল প্রেস, যা পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা সংস্থা।
অ্যাপেটাইট উপন্যাসের প্রধান চরিত্র জারিনা, যিনি একজন বাংলাদেশি অভিবাসী। তিনি যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করেন এবং রেসলিংয়ের একনিষ্ঠ ভক্ত। জারিনার স্বপ্ন, বাংলাদেশের খাবারকে বাংলাদেশের নামেই যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তোলা।
প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউহ্যাভেনের লেখক, প্রকাশক এবং সাহিত্যপ্রেমী পাঠকেরা অংশ নেন।
লেখক পি. পারমিতার জন্ম ঢাকায়। তিনি সানবিমস স্কুলে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে এমএফএ ডিগ্রি অর্জন করেন।

























