যুক্তরাষ্ট্রে যাওয়ার দুই বছরের মধ্যে নিউইয়র্ক পুলিশে চাকরি পেলেন সিলেটের তরুণ রিজভী
- প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫
- / 2
নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের তরুণ রিজভী ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন। তিনি ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগে দায়িত্ব পালন করবেন। তাঁর এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রিজভী ইসলাম কানলী গ্রামের শাহিনুল ইসলাম দুলালের ছেলে। ২০২৪ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। নিউইয়র্কে যাওয়ার পর ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও নিয়োগপ্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যান। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শেষ পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগে কাজের সুযোগ পান।
রিজভীর চাচা সাইদুল ইসলাম সেলিম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলেন রিজভী। দীর্ঘ প্রস্তুতির পর নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক বিভাগে চাকরি পাওয়ায় তাঁর সেই প্রচেষ্টা সফল হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টরা শহরের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক বিধি প্রয়োগ এবং যানবাহন ও পথচারীদের চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে কাজ করেন। বিভাগটি নিউইয়র্ক পুলিশ বিভাগের অধীনে পরিচালিত হলেও ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টরা বেসামরিক কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের নিয়োগের পর প্রশিক্ষণ দেওয়া হয় এবং দায়িত্ব পালনের জন্য শহরের বিভিন্ন এলাকায় তাদের নিয়োগ করা হয়।
বিয়ানীবাজারের একজন তরুণ হিসেবে রিজভী ইসলামের এই অর্জন তাঁর পরিবার ও স্থানীয় মানুষের কাছে আনন্দের বিষয় হয়ে উঠেছে। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি নিজের পরিবার ও এলাকার সুনাম ধরে রাখবেন।


























