ঢাকা ১১:২৬ , Wed, ১৯ Aug ২০২৬
বিশ্বসমাচার
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

সামিম
  • প্রকাশঃ ১৯ অগাস্ট ২০২৬, ২০:৪৯
  • / 8
ফাইল ছবি সংগৃহীত

ক্যানবেরা, ১৯ আগস্ট, (প্রজন্ম কথা) খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে যানবাহনের ধরন অনুযায়ী ঘণ্টাপ্রতি ৩১ দশমিক ৩০ থেকে ৩২ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মকালীন ব্যক্তিগত দুর্ঘটনার বিমা এবং কয়েকটি কর্মক্ষেত্রের অধিকার যুক্ত করা হয়েছে। এতে দেশটির প্রায় আড়াই লাখ ডেলিভারি কর্মী উপকৃত হতে পারেন।

নতুন মজুরি কাঠামোয় সাইকেল, ই-বাইক, ই-স্কুটার কিংবা হেঁটে পণ্য সরবরাহকারীদের জন্য ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ৩১ দশমিক ৩০ অস্ট্রেলীয় ডলার। মোটরসাইকেল বা সাধারণ স্কুটার ব্যবহারকারীদের জন্য এই হার ৩১ দশমিক ৫০ ডলার। আর কার, প্যাসেঞ্জার কার বা ছোট ভ্যান ব্যবহারকারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৩২ ডলার।

দেশটির জাতীয় সাধারণ ন্যূনতম মজুরি বর্তমানে ঘণ্টাপ্রতি ২৬ দশমিক ৪৪ অস্ট্রেলীয় ডলার। নতুন ব্যবস্থায় ডেলিভারি কাজের ঝুঁকি ও ব্যবহৃত যানবাহনের ধরন বিবেচনায় নিয়ে আলাদা মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

মজুরি গণনায় ‘এনগেজড টাইম’ পদ্ধতি ব্যবহার করা হবে। এর অর্থ, একজন কর্মী অ্যাপে অনলাইনে থাকার পুরো সময়ের জন্য ন্যূনতম মজুরি পাবেন না। কোনো ডেলিভারি অর্ডার গ্রহণের পর থেকে গ্রাহকের কাছে সেটি পৌঁছে দেওয়া পর্যন্ত সময়কে মজুরি হিসাবের আওতায় ধরা হবে।

নির্ধারিত অর্থ প্রদান চক্রে কোনো কর্মীর আয় সংশ্লিষ্ট ন্যূনতম মজুরির নিচে নেমে গেলে ডেলিভারি প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণে অতিরিক্ত অর্থ দিতে হবে। এই অর্থ ‘টপ-আপ’ হিসেবে দেওয়া হবে এবং একটি অর্থ প্রদান চক্র সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত হতে পারে।

নতুন শ্রমনীতিতে কর্মকালীন ব্যক্তিগত দুর্ঘটনার জন্যও বিমা সুবিধা রাখা হয়েছে। অ্যাপভিত্তিক ডেলিভারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের জন্য ‘যৌক্তিক ও ন্যূনতম মাত্রার’ দুর্ঘটনা বিমা নিশ্চিত করতে হবে। তবে কর্মীর নিজস্ব যানবাহনের ক্ষয়ক্ষতি এবং থার্ড-পার্টি বিমার দায়িত্ব তাঁর নিজের কাছেই থাকছে।

কর্মীদের কর্মক্ষেত্রের কিছু অতিরিক্ত অধিকারও নতুন আদেশে অন্তর্ভুক্ত হয়েছে। কোনো প্ল্যাটফর্ম অন্যায়ভাবে কোনো কর্মীকে নিষ্ক্রিয় বা ‘ডিঅ্যাক্টিভেট’ করলে তার বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে। পাশাপাশি বিরোধ নিষ্পত্তি এবং বিনা বেতনে ছুটির মতো কিছু অধিকারও রাখা হয়েছে।

অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের দীর্ঘদিন ধরে স্বাধীন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিবেচনা করা হতো। ফলে প্রচলিত শ্রম আইনের বিভিন্ন সুবিধা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এই পরিস্থিতি পরিবর্তনে অস্ট্রেলিয়া সরকার ২০২৩ ও ২০২৪ সালে ‘ক্লোজিং লুপহোলস’ আইনের মাধ্যমে ফেয়ার ওয়ার্ক কমিশনকে ডেলিভারি কর্মীদের জন্য ন্যূনতম শ্রমমান নির্ধারণের ক্ষমতা দেয়।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের (TWU) জাতীয় সম্পাদক মাইকেল কেইন নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। উবার ইটস ও ডোরড্যাশের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে তিনি বলেন, গিগ কাজের নমনীয়তার পাশাপাশি কর্মীদের শ্রম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

আন্তর্জাতিক পর্যায়েও অ্যাপভিত্তিক ও অন্যান্য গিগ কাজে যুক্ত কর্মীদের অধিকার নিয়ে নীতিমালা তৈরির উদ্যোগ চলছে। অস্ট্রেলিয়ার নতুন শ্রমনীতি সেই আলোচনায় একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে সামনে এসেছে।

❤️
👏
🙂
😞

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

প্রকাশঃ ১৯ অগাস্ট ২০২৬, ২০:৪৯