খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল-সাইয়েদ
- প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮
- / 1
মিশিগান, ২৩ নভেম্বর (প্রজন্ম কথা) – শৈশব কেটেছে খ্রিষ্টান নানা-নানির স্নেহে, জীবনের বড় একটি সময় তাঁদের সঙ্গেই কাটিয়েছেন। কিন্তু ভিন্ন ধর্মীয় পরিবেশে বেড়ে উঠলেও নিজের মুসলিম পরিচয় ধরে রেখেছেন আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর এই অর্জনে গর্বিত নানা-নানি জেন ও জুডি জনসন। তাঁদের কাছে আল-সাইয়েদ আজও সেই ছোট্ট শিশুটি, যে একসময় তাঁদের সংসারে এসে সবার হৃদয় জয় করেছিল।
‘অল্প বয়সে যেমন ছিল, সে এখনো তেমনই আছে। খুবই কর্মোদ্যমী, খুবই মেধাবী, খুবই মুখর। সত্যিই মানুষের সেবা করতে চায়।’ কথাগুলো জুডি জনসনের। নভেম্বরের শুরুর দিকে এবিসি নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে নাতি সম্পর্কে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছিলেন তিনি।
জেন ও জুডি থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। এবারের মধ্যবর্তী নির্বাচনে এই অঙ্গরাজ্য থেকেই সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতা আল-সাইয়েদ। জেন ও জুডি তাঁর সৎনানা ও নানি। শৈশব থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পর্যন্ত দীর্ঘদিন তাঁদের সংসারেই বেড়ে উঠেছেন আল-সাইয়েদ। ছোটবেলা থেকেই নানা-নানির সঙ্গে তাঁর সম্পর্ক গভীর। নির্বাচনী প্রচারের সময়ও তাঁরা পাশে ছিলেন।
আল-সাইয়েদের গর্ভধারিণী মায়ের মা-বাবা নন জেন ও জুডি। তাঁর বাবা মোহাম্মদ আল-সাইয়েদ এবং মা ফাত্তেন এল-কোমি। আল-সাইয়েদের তিন বছর বয়সে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তাঁর বাবা বিয়ে করেন জ্যাকুলিন জনসনকে, যিনি পরবর্তী সময়ে জ্যাকুলিন আল-সাইয়েদ নামে পরিচিত হন। জ্যাকুলিনের মা-বাবাই জেন ও জুডি।
চার বছর বয়সে আল-সাইয়েদ নানা-নানির সংসারে থাকতে শুরু করেন। আপন না হলেও তাঁকে নিজেদের নাতির মতোই বড় করেছেন তাঁরা। নাতির সাম্প্রতিক অর্জনে উচ্ছ্বসিত জুডি বলেন, ‘ওর অর্জনে আমরা ভীষণ গর্বিত।’
এই অর্জনের পেছনে ছিল কঠিন রাজনৈতিক লড়াই। মিশিগান এবারের নির্বাচনে শুরু থেকেই দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হচ্ছিল। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি উভয়েই সেখানে জয় পেতে বিশেষ গুরুত্ব দেয়। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আল-সাইয়েদ। নির্বাচনী প্রচারে তাঁকে কটাক্ষ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।
তবে ৪২ বছর বয়সী আল-সাইয়েদ শেষ পর্যন্ত জয়ী হন। অবসরে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে তিনি নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। ১৭৮৯ সালে সিনেটের কার্যক্রম শুরুর পর এই প্রথম কোনো মুসলিম নির্বাচিত হয়ে দেশটির উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
মিসরীয় শিকড়ের পরিবার
আল-সাইয়েদের বাবা মোহাম্মদ আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা মিসরের আলেকজান্দ্রিয়ায়। পেশায় তিনি অটোমোটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। বয়স ৩০ বছর হওয়ার আগেই তিনি মিসর ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সময়টা ১৯৭০-এর দশক। তখন মিসরের ক্ষমতায় ছিলেন আনোয়ার সাদাত। ইসরায়েলের সঙ্গে তাঁর শান্তিচুক্তির প্রতিবাদে দেশটির বহু শিক্ষক ও শিক্ষার্থী আন্দোলনে নামেন। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায় সাদাত সরকার। সেই প্রতিবাদীদের মধ্যে ছিলেন মোহাম্মদ আল-সাইয়েদও।
ছেলে আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ নিজের বইয়ে লিখেছেন, মিসরের তৎকালীন শাসকের কাছে তাঁর বাবা হুমকি হয়ে উঠেছিলেন। এর দুটি কারণ ছিল। প্রথমত, ক্রমবর্ধমান নিষ্ঠুর সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। দ্বিতীয়ত, রাজনীতিসচেতন তরুণদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।
এ পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়া ছাড়া মোহাম্মদ আল-সাইয়েদের সামনে আর কোনো বিকল্প ছিল না বলে লিখেছেন তাঁর ছেলে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এসে ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
আল-সাইয়েদের বইয়ে উঠে এসেছে, ডেট্রয়েটের বহুজাতিক সমাজ তাঁকে আকৃষ্ট করেছিল। সেখানে কারও নাম, গায়ের রং কিংবা প্রার্থনার ধরন দিয়ে মানুষকে বিচার করা হতো না। এ ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও তাঁর বাবাকে যুক্তরাষ্ট্রে থাকতে আগ্রহী করে তোলে।
মায়ের বিরুদ্ধে অভিযোগ ও পারিবারিক দূরত্ব
আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদের জন্ম ১৯৮৪ সালের ৩১ অক্টোবর, মিশিগানের রচেস্টার হিলসে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তিনি ছোট থাকতেই মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁর মা ফাত্তেন এল-কোমি মিজৌরি অঙ্গরাজ্যে চলে যান। সেখানে ইসলামিক আমেরিকান রিলিফ এজেন্সিতে (আইএআরএ) নার্স হিসেবে কাজ নেন।
২০০৪ সালে আল-সাইয়েদের বয়স ২০ বছর। এর তিন বছর আগে যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলার ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে তখন চলছিল সন্ত্রাসবিরোধী অভিযান।
ওই বছরের ১৩ অক্টোবর মিজৌরির কলম্বিয়ায় আইএআরএর কার্যালয়ে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। অভিযোগ ছিল, সংস্থাটি বিদেশে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করছে। অভিযানে কর্মকর্তারা বিভিন্ন নথি ও আর্থিক লেনদেনের বিবরণ পরীক্ষা করেন এবং জব্দ করেন। জিজ্ঞাসাবাদ করা হয় ফাত্তেনকেও।
আইএআরএ আফ্রিকা ও এশিয়ায় দাতব্য কার্যক্রম পরিচালনা করত। বিদেশে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে কর্মী ছিলেন মাত্র ১৪ জন। ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে সংঘটিত কিছু লেনদেন সম্পর্কে কর্মীদের অনেকেরই ধারণা ছিল না।
পরে নানা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাত্তেন এসব গুরুতর অভিযোগ থেকে রেহাই পান। বলা হয়, তিনি কোনো অন্যায় কাজে যুক্ত ছিলেন না। তবে মিসরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা চলতে থাকে।
প্রায় ১৪ বছর আগে আল-সাইয়েদের সৎবোন ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমান আবদুল-হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত ছিল। তবে তাঁর মনে হয়েছে, সংগঠনটি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত ধ্বংসাত্মক পদ্ধতিতে কাজ করেছে।
মায়ের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইমান আরও লিখেছিলেন, সত্তরের দশকের শুরুর দিকে কলেজে পড়ার সময় তাঁর মা মিসরে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আল-সাইয়েদের নির্বাচনী প্রচারের সময়ও বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এনবিসি নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি আমার মায়ের কাছে বেড়ে উঠিনি। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর (মা) সম্পৃক্ততার বিষয়টি আমিও শুনেছি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
২০২০ সালে প্রকাশিত নিজের বই হিলিং পলিটিকস: এ ডক্টরস জার্নি ইনটু দ্য হার্ট অব আওয়ার পলিটিক্যাল এপিডেমিক-এ আল-সাইয়েদ মাকে বুদ্ধিমতী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বর্ণনা করেছেন। তাঁর নির্বাচনী প্রচারশিবিরের ভাষ্য অনুযায়ী, মায়ের সঙ্গে আল-সাইয়েদের দূরত্ব থাকলেও মাঝেমধ্যে তাঁদের যোগাযোগ হয়।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে আল-সাইয়েদের চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা। নিজের বইয়েও বিভিন্ন সময়ে মায়ের কাছে ছুটি কাটাতে যাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।
খ্রিষ্টান নানা-নানির স্নেহে বেড়ে ওঠা
আল-সাইয়েদের সৎমা জ্যাকুলিন নিজেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ডেট্রয়েটের মেরিগ্রোভ কলেজের অধ্যাপক। ট্রাকচালকদের নিরাপত্তা নিয়েও কাজ করেন। মিশিগান ট্রাক সেফটি কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জ্যাকুলিন খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা জেন ও মা জুডিও খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং এখনো নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেন। তাঁদের সংসারেই আল-সাইয়েদের শৈশবের বড় একটি সময় কেটেছে।
ভিন্ন ধর্মীয় পরিবেশে বেড়ে উঠলেও নানা-নানির প্রতি তাঁর ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে। নাতি সম্পর্কে জুডি বলেন, ‘খুবই গোছানো একটা ছেলে। সব সময় বড়দের সম্মান করে। এখনো।’
নানা জেনের ভাষ্য, ‘ছোটবেলায় যখন সে আমাদের কাছে এসেছিল, হৃদয় জয় করে নিয়েছিল। তার প্রতি আমার সেই সুখানুভূতি এখনো একই আছে।’
আল-সাইয়েদ পেশায় চিকিৎসক। মার্কিন জনস্বাস্থ্য খাতেও কাজ করেছেন। সেখান থেকেই পরে রাজনীতিতে আসেন। তাঁর স্ত্রী সারা জুকাকু মনোরোগ চিকিৎসক। সারার পরিবারের শিকড় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আল-সাইয়েদ ও সারার পরিচয় হয়। ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের সংসারে দুই মেয়ে রয়েছে। সারার জন্ম ও বেড়ে ওঠা মিশিগানে হলেও তাঁর আত্মীয়স্বজনের বসবাস ভারতের কর্ণাটক রাজ্যের ভাটকল শহরে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে শহরটির দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার।
পড়াশোনা ও রাজনীতিতে প্রবেশ
২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আল-সাইয়েদ। পরে রোডস স্কলার হিসেবে ২০১১ সালে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। ২০১৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন তিনি।
রোডস স্কলারশিপ বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্নাতকোত্তর বৃত্তি কর্মসূচি।
২০১৫ সালে ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেন আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট তখন আর্থিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। শহরটির জনস্বাস্থ্যসেবা পুনর্গঠনের উদ্যোগ তদারকির দায়িত্ব ছিল তাঁর ওপর। ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি।
এরপর ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে প্রার্থী হন আল-সাইয়েদ। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে গ্রেচেন হুইটমারের কাছে হেরে যান। পরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও প্রবীণ সেবাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ডেট্রয়েট শহর এই কাউন্টির অন্তর্ভুক্ত।
বাধা পেরিয়ে সিনেটে জয়
২০২৬ সালে আবার নির্বাচনী রাজনীতিতে ফেরেন আল-সাইয়েদ। গত আগস্টে মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ের নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্সকে পরাজিত করেন তিনি।
নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন আল-সাইয়েদ। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নির্বাচনে বাইরের অর্থের প্রভাব কমানো এবং ইসরায়েলের নীতির সমালোচনা ছিল তাঁর প্রচারের উল্লেখযোগ্য বিষয়।
প্রাথমিক বাছাই ও ৩ নভেম্বরের সাধারণ নির্বাচন, দুই পর্যায়েই তাঁর প্রচারশিবিরকে বিপুল অঙ্কের বাইরের অর্থ ব্যয়ের মুখে পড়তে হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে রিপাবলিকান ও ইসরায়েলপন্থী লবির ব্যয়ের বিষয়টিও নির্বাচনী প্রচারে আলোচনায় আসে। এসব বাধার মধ্যেও শেষ পর্যন্ত জয় পান আল-সাইয়েদ। মিশিগানের সিনেট নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন।
সবার জন্য মেডিকেয়ার কর্মসূচি চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, আবাসন ব্যয় কমানো, রাজনীতিতে ধনী দাতাদের প্রভাব হ্রাস এবং শ্রমজীবী পরিবারের অর্থনৈতিক সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান তিনি।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কড়া সমালোচক হিসেবেও পরিচিতি পান আল-সাইয়েদ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন এবং ইসরায়েলকে নিঃশর্ত মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। তাঁর এই অবস্থান নির্বাচনী প্রচারের অন্যতম বিতর্কিত বিষয় হয়ে ওঠে।
নির্বাচনী প্রচারে আল-সাইয়েদের মুসলিম পরিচয়ও গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের কয়েকজন নেতা তাঁর ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা ও কটাক্ষ করেন।
এসব সমালোচনার জবাবে আল-সাইয়েদ বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতেই প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নাম ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করছেন।
পারিবারিক ইতিহাস, মা-বাবার বিচ্ছেদ, খ্রিষ্টান নানা-নানির কাছে বেড়ে ওঠা এবং মায়ের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নিয়েও নির্বাচনী প্রচারে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
ভবিষ্যতের রাজনীতিতে আল-সাইয়েদ
নির্বাচনে জয়কে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল রাজনৈতিক ধারার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আল-সাইয়েদের নির্বাচনী কর্মসূচির প্রতি সমর্থন জানানো প্রার্থীরাও বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।
ভোটারদের সমর্থন আদায়ে আল-সাইয়েদের পক্ষে প্রচারে নেমেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতারা। তাঁদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং বর্ষীয়ান ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্স। তাঁরা তাঁর সঙ্গে প্রচারে অংশ নিয়ে ভোটারদের সংগঠিত করতে সহায়তা করেন।
সিনেটে আল-সাইয়েদের নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। তাঁর এই অর্জনের পর অনেকে তাঁকে দেশটির রাজনীতিতে নতুন মুখ হিসেবে দেখছেন। ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা কতটা বিস্তৃত হয়, তা অবশ্য সময়ই বলে দেবে।
‘হাবিবি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
নির্বাচনে জয়ের পর আল-সাইয়েদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিজয়ী বক্তৃতায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি ‘হাবিবি’ শব্দটি ব্যবহার করেন। আরবি ভাষায় শব্দটির অর্থ প্রিয়জন বা প্রিয় বন্ধু।
ভ্যান্সকে উদ্দেশ করে আল-সাইয়েদ বলেন, ‘জেডি, হাবিবি, ভাগ্যের কী নির্মম পরিহাস। আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের ওই অংশ নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ‘হাবিবি’ শব্দটি ঘিরে তৈরি হওয়া আলোচনা।
খ্রিষ্টান নানা-নানির স্নেহে বেড়ে ওঠা, মিসরীয় পারিবারিক শিকড়, মুসলিম পরিচয় এবং নানা রাজনৈতিক ও পারিবারিক বিতর্ক পেরিয়ে আল-সাইয়েদের সিনেট জয় তাঁর জীবনের নতুন অধ্যায়। ব্যক্তিগত জীবনের বৈচিত্র্য আর রাজনৈতিক পথচলার এই সমন্বয় তাঁকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।
তথ্যসূত্র: এবিসি নিউজ, ইনডিপেনডেন্ট, এনবিসি নিউজ, রয়টার্স, বিবিসি, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, মুসলিম ফর আমেরিকান প্রোগ্রেস এবং অ্যাসোসিয়েটেড প্রেস।


























