পিরোজপুরে বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
- প্রকাশঃ ১২:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 118
পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিলেন জাতীয় পার্টি ও বিএনপির নেতারা। ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন প্রায় ৫০ জন নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত, শিবির ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
যোগদান উপলক্ষে বক্তব্যে মো. ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান হিসেবে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েছি। বিএনপির আদর্শ ইসলামী আদর্শে পরিপূর্ণ নয় বিধায় আমি জামায়াতে যোগ দিয়েছি।”
আয়োজন শেষে নেতারা নবাগতদের স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।




























