জুলাই বিপ্লবের ‘অগ্নিকন্যা’ নাফসিন মেহেনাজ ঢাকা-১৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন
- প্রকাশঃ ০১:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 173
নাহিদ ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন নাফসিন মেহেনাজ | ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের অগ্নিঝরা দিনগুলোর অন্যতম সামনের সারির মুখ নাফসিন মেহেনাজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন সংগ্রহের সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজপথের আন্দোলনে নেতৃত্ব, ভয়কে জয় করা উপস্থিতি এবং সহপাঠীদের সংগঠিত করার দৃঢ় সাহসিকতার কারণে তাঁকে অনেকেই ডাকেন “অগ্নিকন্যা” নামে। কুড়িল, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা—যেখানে সংঘর্ষ বা বাধা, সেখানেই সরব উপস্থিত ছিলেন নাফসিন। টিয়ারশেল, জলকামান, পুলিশের বাঁধা—কিছুই তাকে পিছু হটাতে পারেনি। সহপাঠীরা দুরত্ব বজায় রাখলেও তিনি হাত ধরে মিছিলে নিয়ে এসেছেন। তার মাইক হাতে দাঁড়ানোই রাজপথে নতুন আশার স্ফুলিঙ্গ ছড়িয়ে দিত।
আন্তর্জাতিকভাবে আলোচনায়ও আসে তাঁর সাহসী ভূমিকা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্দোলনের সময় তাঁর ছবি ও বক্তব্য প্রকাশ করে, যা বৈশ্বিক মহলে দৃষ্টি আকর্ষণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাংলামোটরস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি চলছে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
দলটির বড় নেতাদের বেশির ভাগই এখনও মনোনয়ন নেননি। এর মধ্যে ১০ নভেম্বর ঢাকা-৯ আসনে মনোনয়ন নেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, আর ১২ নভেম্বর ঢাকা-১৮–এর মনোনয়ন ফরম তোলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়ন বিতন প্রক্রিয়ার উদ্বোধন করেন নাসিরুদ্দীন পাটোয়ারী। মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা হলেও মুক্তিযোদ্ধা ও স্বল্প আয়ের আবেদনকারীদের জন্য দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।




























