রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যা মামলায় একজন গ্রেপ্তার
- প্রকাশঃ ১১:২১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 117
রাগঞ্জ নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে। ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোরছালিন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যাকাণ্ডের দুই দিন আগে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন মোরছালিন। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আজ শুক্রবার হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
গত শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দম্পতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে ঘটনাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।






























