এনসিপির আখতার হোসেনকে অবরুদ্ধ করার অভিযোগ বিএনপির কর্মীদের বিরুদ্ধে
- প্রকাশঃ ০৮:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে ভোট গণনার সময় কেন্দ্রের বাইরে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গেলে বিএনপির হাজারের মতো কর্মী তাঁকে কেন্দ্রের বাইরে আটক রাখেন।
আখতার হোসেন বলেন, আমি ভোট গণনার সময় উপস্থিত থাকতে চাইছিলাম, কেন্দ্রের কতটা ভোট গ্রহণ হয়েছে তা দেখতে চাইছিলাম। কিন্তু কেন্দ্রে প্রবেশ করার পর আমার সঙ্গে অশ্রাব্য আচরণ করা হয় এবং জীবননাশের হুমকিও দেওয়া হয়।
রংপুর মহানগর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন জানান, প্রার্থীকে প্রায় ২০ মিনিট ধরে অবরুদ্ধ রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় বিএনপির সমর্থকরা আখতার হোসেনের গাড়ির কাচ ভাঙচুরও করেন।
অন্য দিকে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ও তাঁর নির্বাচনী সহকারী মোস্তাকিন কিরণ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, আখতার হোসেনই কেন্দ্রে এসে বিএনপির কর্মীদের ভয়ভীতি দেখিয়েছেন এবং তাঁদের গাড়ির কাচ ভেঙে দিয়েছেন।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আখতার হোসেনকে নিরাপদে বের করা হয়।
এ ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।


















