স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 62
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দাবি মানা না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সাদিক কায়েম। এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বক্তব্য চলাকালে উপদেষ্টাকে কিছুটা বিব্রত দেখাতে পাওয়া যায়।
সাংবাদিকদের ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, অনতিবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করা না হলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই।
তিনি প্রথম দাবিতে বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী—সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে জবাবদিহির আওতায় এনে যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হামলাকে যারা সমর্থন জুগিয়েছে এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে—এমন তথাকথিত ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি।
দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তৃতীয় দাবিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যার অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করার দাবিও তোলেন ডাকসুর ভিপি।
সাদিক কায়েমের আল্টিমেটামের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রাসঙ্গিক
সাদিক কায়েম


























