চলমান পরিস্থিতিতে বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
- প্রকাশঃ ০৩:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 74
দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত নিরাপত্তাজনিত প্রেক্ষাপট বিবেচনায় পূর্বনির্ধারিত সকল দলীয় কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলের দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, জননিরাপত্তা ও কৌশলগত বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বঘোষিত অনুষ্ঠান এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে, সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রমতে, বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপির ভূমিকা এবং চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় করণীয় বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বিশেষ করে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কঠোর রাজনৈতিক বার্তা আসবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।
বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। এ অবস্থায় বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী কর্মপন্থা ও দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।




























