খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক
- প্রকাশঃ ০১:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 95
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে ‘আশঙ্কাজনক’ বলে জানা গেছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং তার মাথায় গুলি লেগেছে। হামলার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ডা. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে এই নক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা কারা এই ঘটনার সাথে জড়িত সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেন এই হামলা চালানো হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






























