প্রথম আলো-ডেইলি স্টার নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর: মির্জা ফখরুল
- প্রকাশঃ ০৩:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 76
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেবল নির্দিষ্ট দুটি সংবাদমাধ্যম নয়, বরং দেশের গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের ওপর চরম আঘাত এসেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়—আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। আমার স্বাধীনভাবে চিন্তা করার এবং কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে। জুলাই বিপ্লব ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ, আজ সেই জায়গাতেই আঘাত করা হচ্ছে।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বলেন, “সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি—এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। এখানে আমাদের কথা বলার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন: শুধু মানববন্ধন বা সংহতি প্রকাশ করে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অন্ধকার থেকে আলোতে ফিরতে হলে এখনই অপশক্তিকে রুখে দেওয়ার সময়।
তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের লড়াই নয়; এটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। এখন সচেতন হওয়ার পাশাপাশি রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।
প্রতিবাদ সভায় সম্পাদক পরিষদ ও নোয়াবের নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে এবং মব ভায়োলেন্স বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।




























