বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
- প্রকাশঃ ০৩:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 74
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল ভারতের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের হুমকির কারণে বাদ দেওয়ার পর ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিসিবি অনলাইনে বৈঠকেও বসেছিল। সেই বৈঠকে বেশিরভাগ পরিচালকেরা প্রথমে সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিলেন না। তবে সরকারের মনোভাব জানার পর অবস্থা পরিবর্তিত হয় এবং আন্তর্জাতিক ভেন্যু পরিবর্তনের অনুরোধের সিদ্ধান্ত আসে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন, “কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করা হবে।”
বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে নিশ্চিত করেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। শিডিউল অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনে ভারতের কলকাতায় বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, দলের অংশগ্রহণের ভেন্যু পরিবর্তন করা বা বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিসিবি আইসিসিকে চিঠি পাঠানোর পরিকল্পনা নিয়েছে।






























