নির্বাচনী হলফনামায় আয়ের গরমিল, সারজিস আলমের সম্পদ বিবরণে অস্বচ্ছতা
- প্রকাশঃ ০২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 61
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ উপলক্ষে তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিলেও সেখানে দেওয়া তথ্যের সঙ্গে তার আয়কর রিটার্নের হিসাবের উল্লেখযোগ্য গরমিল পাওয়া গেছে।
২৭ বছর বয়সী সারজিস আলম হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় ঘোষিত আয়ের তুলনায় তিনগুণেরও বেশি। এ ছাড়া হলফনামায় আয়ের ক্ষেত্রে পরস্পরবিরোধী তথ্যও দেওয়া হয়েছে।
শুধু আয় নয়, সম্পদের বিবরণেও অসংগতি দেখা গেছে। আয়কর রিটার্নে সারজিস আলম মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। অথচ নির্বাচনী হলফনামায় তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে।
হলফনামা অনুযায়ী, অস্থাবর সম্পদ হিসেবে তার কাছে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১ লাখ টাকা। এ ছাড়া তার রয়েছে ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্র। হলফনামায় কোনো স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করা হয়নি।
স্থাবর সম্পদের হিসাবে তিনি দান হিসেবে প্রাপ্ত সাড়ে ১৬ শতাংশ কৃষিজমির মালিক বলে উল্লেখ করেছেন। জমিটির অর্জনকালীন মূল্য সাড়ে ৭ হাজার টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। সব মিলিয়ে হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
হলফনামা ও আয়কর রিটার্নে আয় ও সম্পদের এই গরমিল রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যাখ্যা চাইবে কি না, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।




























