চীন ও ইরানের চলচ্চিত্র দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- প্রকাশঃ ০৩:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 56
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা ৯ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। উৎসবের শিডিউল সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে এটি দেখানো হবে। একই দিনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা উইদাউট মি।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭০টিরও বেশি দেশ থেকে ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। প্রধান ভেন্যু হিসেবে রয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে ৯টি সিনেমা স্থান পেয়েছে। এই সিনেমাগুলো হলো: নয়া মানুষ, উড়াল, ধামের গান, নয়া নোট, আগন্তুক, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, দ্য স্টোরি অব আ রক, এবং উৎসব।
উৎসবের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী আয়োজন। এছাড়া এবারের আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্ণ উদ্যাপন করা হবে।






























