বিয়ে করলেন রাফসান সাবাব ও জেফার রহমান
- প্রকাশঃ ০২:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 36
দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। দীর্ঘদিন ওপেন সিক্রেট হিসেবে পরিচিত এই তারকা জুটির সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেন রাফসান সাবাব। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো—শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।
রাফসান সাবাব ও জেফার রহমানের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই। বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা কিংবা সামাজিক পরিসরে তাঁদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের কৌতূহল জাগালেও বিষয়টি বরাবরই ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা। বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটালেন এই তারকা দম্পতি।
খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, বিনোদন অঙ্গনের পরিচিত মুখ এবং অসংখ্য ভক্ত-অনুরাগী তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তাঁর গায়কী ও স্বতন্ত্র ফ্যাশন সেন্সের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিনোদন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা অঙ্গনটিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






























