গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির
- প্রকাশঃ ০৯:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 80
গণভোট অনুষ্ঠিত হলে তাতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি এতে ইতিবাচক সাড়া দেবে। তিনি বলেন, “আমরাই সবার আগে সংস্কারের কথা বলেছি। গণভোট হলে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেবে—এটাই আমাদের সিদ্ধান্ত।”
বৈঠক শেষে প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে—কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। অথচ বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তারা বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করছেন। আইন সবার জন্য সমান হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যেন আর জটিল না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, বর্ণানুক্রম অনুযায়ী পোস্টাল ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম তালিকার শুরুতে রাখা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। তিনি কমিশনের প্রতি আহ্বান জানান, পোস্টাল ব্যালটের মতো দেশের মূল ব্যালটেও যেন কোনোভাবে প্রতীকের ক্রমে পক্ষপাতিত্ব না করা হয়।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। অথচ কিছু রাজনৈতিক দল নিয়ম ভেঙে ধারাবাহিকভাবে প্রচারণা চালালেও কমিশনের কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।
তিনি আরও অভিযোগ করেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ঢাকাসহ বড় বড় এলাকায় অন্য দল আচরণবিধি লঙ্ঘন করলেও তা উপেক্ষিত হচ্ছে।
বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন।




























