জামায়াতসহ ১০ দলের বৈঠক, অনুপস্থিত ইসলামী আন্দোলন
- প্রকাশঃ ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 61
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে আসন সমঝোতা থেকে দলটি শেষ পর্যন্ত সরে যাচ্ছে কি না—সে প্রশ্ন নতুন করে সামনে এসেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক সূত্র জানিয়েছে, আজকের আলোচনার মাধ্যমেই ১০ দলের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
সূত্র অনুযায়ী, বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বলেন, বৈঠকের বিষয়টি আমরা সকাল ১০টার দিকে জানতে পারি। ফলে প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। এখনো আলোচনার দরজা বন্ধ হয়নি, আলাদা হয়ে যাওয়ার কোনো সিদ্ধান্তও হয়নি।
এখনো খোলা রয়েছে সমঝোতার দ্বার
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে কিছুটা টানাপোড়েন থাকলেও উভয় পক্ষই এখনো আলোচনার পথ খোলা রেখেছে। এদিকে ইসলামী আন্দোলনের নেতৃত্বে কয়েকটি দল নিয়ে বিকল্প সমঝোতার আলোচনা হচ্ছে—এমন কথাও শোনা গেলেও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি করছেন।
তিনি আরও লেখেন, যাঁরা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাঁদের প্রতি অনুরোধ—এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাময়িকভাবে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও আসন সমঝোতা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। উপযুক্ত সময় এলে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জাতিকে জানানো হবে।




























