ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর আগমন: লাল গালিচা সংবর্ধনা ও ১৯ বার তোপধ্বনিতে রাষ্ট্রীয় সম্মান
- প্রকাশঃ ১১:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 86
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আজ শনিবার সকালে। ছবি: সংগৃহীত
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
বৈঠক শেষে শেরিং তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দর ছাড়ার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক নির্ধারিত রয়েছে।
সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।





























