জাতীয় নির্বাচনের আগে পুলিশ–প্রশাসন ও বিচার বিভাগে এক দিনে বড় রদবদল
- প্রকাশঃ ১০:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 59
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ, প্রশাসন এবং অধস্তন আদালতের বিচারকদের মধ্যে বৃহৎ পরিসরে বদলি ও পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক প্রজ্ঞাপনে এক দিনে এক হাজারেরও বেশি কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা–অধস্তন আদালতের তিন স্তরের বিচারক।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা–ব্যবস্থা শক্তিশালী করতে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বদলি ও পদায়ন কার্যকর করা হয়।
এর মধ্যে বর্তমান ৫০ জন এসপিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং বিভিন্ন পদে দায়িত্বে থাকা ১৪ কর্মকর্তাকে নতুনভাবে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজশাহীতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।
সম্প্রতি একাধিক প্রজ্ঞাপনে ৫০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার ইউএনও পর্যায়ে আনা পরিবর্তনেও ১৬৬ জন সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জাতীয় নির্বাচনে ডিসি, এসপি ও ইউএনওর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে এবং অধিকাংশ ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এবার কে কে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।
একই দিনে বিচারকদের মধ্যেও ব্যাপক রদবদল করা হয়। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে মোট ৮২৬ জন কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে।
এর মধ্যে— অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ: ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ: ২৯৪ জন, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ: ২৮২ জন।
ঢাকার এসপি মো. আনিসুজ্জামানকে কুমিল্লায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়ায়, মুন্সিগঞ্জের এসপি মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইলে, গাজীপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে জামালপুরে, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলামকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।
নোয়াখালীর এসপি মো. আবদুল্লাহ আল ফারুককে নরসিংদীতে, খুলনার এসপি টি এম মোশাররফ হোসেনকে নোয়াখালীতে, বাগেরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে লালমনিরহাটে, যশোরের এসপি রওনক জাহানকে শরীয়তপুরে, মাগুরার এসপি মিনা মাহমুদাকে জয়পুরহাটে, বরিশালের এসপি মো. শরিফ উদ্দীনকে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পিবিআই, এপিবিএন, এসপিবিএন ও সিআইডি থেকে বদলি হয়ে বিভিন্ন জেলায় নতুন করে দায়িত্ব পেয়েছেন আরও বহু কর্মকর্তা।





























