দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে
- প্রকাশঃ ১১:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 67
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ডিসেম্বরে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়, যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম ১১৮ থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে বাড়িয়ে ১২৪ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও প্রতিলিটার ১১৪ থেকে বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৩ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। সেই ধারাবাহিকতায় প্রতি মাসেই নতুন দামের ঘোষণা দেওয়া হচ্ছে। স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ের নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি।
নির্দেশিকায় বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হওয়ায় এগুলোকে তুলনামূলকভাবে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে বিবেচনা করা হয়। তাই বাস্তবতার নিরিখে সব সময় ডিজেলের চেয়ে এ দুই জ্বালানির দাম বেশি রাখা হয়।
জ্বালানি তেলের মধ্যে বিমান পরিবহনে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের প্রস্তাবও বর্তমানে বিইআরসির বিবেচনায় রয়েছে। তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য সমন্বয়ের দায়িত্ব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের।

















