২৮ ঘণ্টা পেরোল, ৪৫ ফুট খননেও মেলেনি সাজিদের সন্ধান
- প্রকাশঃ ০৫:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 115
রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। আজ বৃহস্পতিবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৮ ঘণ্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস জানিয়েছে, শিশুটির অবস্থান শনাক্তে ৪৫ ফুট পর্যন্ত মাটি খনন করা হয়েছে এবং আরও গভীরে নামার কাজ চলছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, উদ্ধার অভিযান জটিল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “এ পর্যন্ত প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন করা হয়েছে। নিচের দিকে আরও মাটি অপসারণের কাজ চলছে। উদ্ধারকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করে এগোচ্ছেন।”
গতকাল বুধবার দুপুরে সাজিদ তার মায়ের সঙ্গে চলার সময় অসাবধানতাবশত খোলা গভীর নলকূপের মুখ দিয়ে ভেতরে পড়ে যায়। খবর পেয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
শিশুটির শ্বাসপ্রশ্বাসের সম্ভাবনা বিবেচনায় কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা চালানো হয়। পাশাপাশি রাতভর এস্কেভেটর মেশিন দিয়ে মাটি খনন এবং উদ্ধারকর্মীদের বিকল্প পথ তৈরি করার কাজ চলে।
এদিকে শিশুটিকে জীবিত উদ্ধার করার প্রত্যাশায় পরিবার ও গ্রামবাসী উদ্বেগের মধ্যে অপেক্ষা করছেন। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় থাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।





























