প্রধান উপদেষ্টার নির্দেশে গুলিবিদ্ধ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার হচ্ছে সোমবার
- প্রকাশঃ ১২:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 87
প্রধান উপদেষ্টার প্রেস উইং | ছবি: বাসস থেকে নেওয়া
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে আজ রোববার এক জরুরি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টেলিফোন কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
প্রেস উইং আরও জানায়, গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আগামীকাল দুপুরে ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। গত শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সংগৃহীত
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তাঁর চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া ওসমান হাদি গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক।
এদিকে, রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ধার করে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
তবে ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় সরকারের সমালোচনা করেন আবদুল্লাহ আল জাবের। তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেন তিনি।





























