মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
এদিন বেলা দেড়টার কিছু সময় আগে আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান বিন হাদিকে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে আনা হয়। পরবর্তীতে বেলা ১টা ৫৫ মিনিটে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
প্রেস ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ওনার গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অর্গান—বিশেষ করে কিডনি, হার্ট ও রেসপিরেশন—এই তিনটি দিক এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বলা যায়। প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সাপোর্টের মাধ্যমে এগুলো আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। একই সঙ্গে ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সায়েদুর রহমান বলেন, ‘আমরা কেবল তার জন্য দোয়া চাই। আল্লাহর রহমতে যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে হাদি হয়তো একটি পর্যায়ের সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবেন।’
উল্লেখ্য, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





























