দিনাজপুরে ট্রাক্টর–মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
- প্রকাশঃ ০৪:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 89
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইতি বর্মন (৩৫)। এর আগে দুর্ঘটনাস্থলেই তার স্বামী তারিনী বর্মন (৪০) নিহত হন।
সকালে সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ–পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে তারা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার স্ত্রী ইতি বর্মন।
আহত অবস্থায় ইতি বর্মনকে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, হাসপাতালে আনার সময় ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















