অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র
- প্রকাশঃ ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 109
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পেশাদার অপরাধী এবং অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে পিস্তল ও রিভলবার রয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





























