ছায়ানটে হামলা-অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা
- প্রকাশঃ ১২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 82
দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছায়ানট সংস্কৃতি ভবনে বেআইনি জনতা প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে ছায়ানট ভবনে চড়াও হয়। হামলাকারীরা ভবনের সিসি ক্যামেরাগুলো গুঁড়িয়ে দেয় এবং ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।
হামলায় সংগীত শিক্ষার অমূল্য উপকরণ হিসেবে পরিচিত অসংখ্য তবলা, হারমোনিয়াম, বেহালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরপর বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছায়ানটের মতো একটি শুদ্ধ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে এমন হামলায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের পাশাপাশি ধানমন্ডির ছায়ানট ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।





























