ধুনটে ককটেল হামলার মামলা: আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- প্রকাশঃ ০১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 60
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৫৬) এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪০)। গোলাম মোস্তফা মধুপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে এবং সোহেল রানা অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া এলাকায় একটি মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে ধুনট থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তের ভিত্তিতে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলার প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।





























