ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- প্রকাশঃ ১০:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 111
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজ ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি জোটগত সিদ্ধান্তে আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়।
জোটের সিদ্ধান্ত অনুযায়ী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এ আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে মঙ্গলবার জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, এত বড় দলকে (বিএনপি) নিজেদের ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট হয়েছে, আসন না দিলে জোট টিকত না। দল বাধ্য হয়েই আসনটি ছেড়ে দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ব্যবস্থা নিতে হয়, দল নিশ্চয় নেবে। সেখানে আমার কিছু করার নেই।
এ ঘটনাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





























