গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত
- প্রকাশঃ ০৯:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 74
প্রতীকী ছবি (সংগৃহীত)।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার ১৩ বছর বয়সী কন্যা অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি আক্তার ও কমলা বেগম সম্পর্কে নাতনি ও নানি। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।
রেলওয়ে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি–নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, যেহেতু ঘটনাটি রেলওয়ে সংশ্লিষ্ট, তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান জানান, অনাদি আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।





























