ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ
- প্রকাশঃ ১২:৩৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 108
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের সব নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা আরও বলেন, চলাচলরত লঞ্চগুলোকে যেখানে অবস্থান করছে, সেখানেই নিকটবর্তী নদীর তীরে নিরাপদভাবে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে।
এদিকে আকস্মিকভাবে নৌযান চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন ঘাটে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

















