কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- প্রকাশঃ ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 39
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: আসিফ মাহমুদের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া
ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে।
শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান (পরাগ) বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, “গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ আসন থেকে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”
খোঁজ নিয়ে জানা যায়, রমজানুল করিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের একজন আইনজীবী সহকারী।
এ বিষয়ে জানতে চাইলে রমজানুল করিম শনিবার দুপুরে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। গত বুধবার তাঁর পক্ষের লোকজন আমাকে ঠিকানা ও ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। আমি ফরম সংগ্রহ করে তাঁদের দিয়ে দিয়েছি। তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কি না, সে বিষয়ে আমি কিছুই জানি না।
এদিকে আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, আমিও বিষয়টি গতকাল রাতে শুনেছি। তবে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। আসিফ মাহমুদ নিজেও এ বিষয়ে আমাদের কিছু জানাননি। আমরা জানি, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটিই চূড়ান্ত।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় থেকেই তিনি কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করতে পারেন-এমন গুঞ্জন ছিল। তবে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
এরপর সর্বশেষ তিনি নিজেই ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যেই কুমিল্লা-৩ আসন থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।



























