গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে। হামলায় শ্রীপুর থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন-উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকী আক্তার (২৮), জাহাঙ্গীর আলম (২৬) ও মো. রাজীব (৩৩) নামের তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় অন্যান্য মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের দুটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে রাজীব ও জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয়। সংঘর্ষের সময় পুলিশের চার সদস্য আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



























