ঘন কুয়াশায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
- প্রকাশঃ ১২:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 58
মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে চলমান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ গাড়িও দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেয়। ফলে কিছু সময়ের মধ্যেই এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় নেওয়া হয়েছে।





























