ভোটকেন্দ্র দখলকারীদের প্রতিহত করা হবে: হাসনাত আব্দুল্লাহ
- প্রকাশঃ ১০:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 61
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এবার ভোটকেন্দ্র পাহারা দেবেন। ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করা হবে। টাকার কাছে বিক্রি হবে না এবং যারা প্রলোভনমূলক অর্থ নিয়ে আসবে, তাদের আমরা প্রত্যাখ্যান করব।”
আজ (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ভোষনা এলাকায় ভারতীয় আগ্রাসনবিরোধী পথযাত্রার অংশ হিসেবে গ্রামবাসীর সঙ্গে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি-জামায়াতসহ যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে শহীদ হয়েছেন, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ও শহীদ ওসমান হাদির ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা এই দেশকে আর ভারতের গোলাম হতে দেব না। যারা ফ্যাসিবাদ বিরোধী রক্ত দিয়েছে, তাদের প্রতিশ্রুতি ও দায় আমাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের এই লড়াইয়ের কারণে হাসিনা সরকারের আমলে অনেক নেতাকর্মী গুম বা হত্যার শিকার হয়েছেন। বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা ট্রায়ালে ফাঁসিতে ঝুলানো হয়েছে অনেককে। এই দায় আমরা সব সময় বয়ে নিয়ে যাব।
এর আগে সকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের পৌর শাখার আমির ফেরদৌস আহমেদ, সেক্রেটারি ক্বারী মোহাম্মদ অলিউল্লাহ, এনসিপির পৌরসভার প্রধান সমন্বয়ের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।





























