বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ
- প্রকাশঃ ০৩:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 50
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের দাবিতে সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তবে কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধানে কোনো উদ্যোগ না নেওয়ায় একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে যাত্রী, চালক, পথচারীসহ সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামিম আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কারখানার শ্রমিক আলতাফ হোসেন বলেন, তিন মাস ধরে আমরা বেতন চাইছি। কর্তৃপক্ষ দেবে, দিচ্ছে—এই আশ্বাস দিয়েই সময় পার করছে। ঘরভাড়া দিতে পারছি না, দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। বাধ্য হয়েই আমাদের আন্দোলনে নামতে হয়েছে।





























