সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ
- প্রকাশঃ ০৩:০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 26
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে মুরাদনগরে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা কায়কোবাদকে অপ্রমাণিত ও বিভ্রান্তিকর অভিযোগ দিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, জনপ্রিয় ও জনবান্ধব নেতা, যার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও গুজব ছড়ানো হচ্ছে।
সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কায়কোবাদকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালালে বৃহত্তর কর্মসূচি, প্রয়োজনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কায়কোবাদকে ঋণখেলাপি এবং তুরস্কের নাগরিক উল্লেখ করেন, যা মুরাদনগরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।



























