ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত: শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ
- প্রকাশঃ ০১:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 50
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সুপারিশ অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হবে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকসুর নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে হল দুটির নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
এর আগে হল দুটির নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। সেই স্মারকলিপির আলোকে বিষয়টি সিন্ডিকেট সভায় আলোচনায় আসে এবং নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের জন্য সিনেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে একই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে কেন বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষককে শোকজ করা হয়েছে তাঁরা হলেন-অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক মো. মশিউর রহমান।
এ ছাড়া একই বিভাগের আরও দুই শিক্ষক-অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট গঠন ও শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়েও সিন্ডিকেট সিনেটে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী সিনেটে অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে হল দুটির নতুন নাম কার্যকর হবে।





























