ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব: সীমান্তে গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ
- প্রকাশঃ ০৩:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 61
ঢাকায় বাংলাদেশ সরকার আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়।
ঘটনার ফলে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়েছেন। শিশু হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতকে স্মরণ করানো হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে এমন আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে মিয়ানমারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সঙ্গে বলা হয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব না ফেলে।
মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, তাঁর সরকার ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত রোববার সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা গুলিতে হুজাইফা আহত হন। এ ছাড়া, সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়েছে।





























