তারেক রহমানের পথসভায় যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাই শহীদের বাবা
- প্রকাশঃ ১০:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 55
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পথসভায় যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পুইট্টা ব্রিজ সংলগ্ন সড়কে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সরাইলের কুট্টাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সমাবেশে যোগ দিতে নাসিরনগরের এক ছাত্রনেতার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। পথিমধ্যে পুইট্টা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সমাবেশে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে কুন্ডা গ্রাম এলাকা থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার এবং প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে। সেখানে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, নিহত ছোয়াব মিয়ার ছেলে ইমরান ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন।





























