দক্ষিণ আফ্রিকায় ‘দুর্বৃত্তদের’ গুলিতে চট্টগ্রামের মিরসরাইয়ের টিপু নিহত
- প্রকাশঃ ০২:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 31
দক্ষিণ আফ্রিকায় ‘দুর্বৃত্তদের’ গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার টিপু চৌধুরী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় প্রিটোরিয়ার কোয়ামথলাংগা এলাকায় তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী জানালেন, টিপু প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে টিপু তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। হঠাৎ কিছু দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এছাড়া, টিপুর আরও এক ভাই, আবু সায়েম চৌধুরী, ২০ বছর আগে একইভাবে গুলিতে নিহত হন।
এ সময় প্রবাসী আশরাফ উদ্দিন বলেন, আমি ছুটিতে দেশে রয়েছি। শুনে খুব খারাপ লাগছে। টিপু ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে।
নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় থানায় রয়েছে এবং দেশে আনার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



























