জুলাই আন্দোলনের তরুণ বিপ্লবীরা একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা
- প্রকাশঃ ০৩:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 44
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের তরুণ বিপ্লবীরাই আগামীতে বিশ্বমঞ্চে নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখবেন। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, ঠিক তেমনি এই ডিজিটাল ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন বিপ্লব নিয়ে আসবে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে তীব্র জনবিক্ষোভ তৈরি হয়েছিল, সেটিই একটি মহাশক্তিশালী সরকারের পতন ত্বরান্বিত করেছিল।
ড. ইউনূস তথ্যপ্রযুক্তিকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, ডিজিটাল খাত থেকে ভবিষ্যতে সব বড় পরিবর্তন আসবে এবং অন্যান্য খাতকে প্রভাবিত করবে। তিনি বলেন, সরকারের কাজ হলো কার্যকর সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেওয়া, জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির আসল শক্তি। এছাড়া তিনি পাহাড়ের তিন জেলায় শিক্ষা ব্যবস্থার দুর্বলতার উদাহরণ দিয়ে বলেন, সেখানে যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারে।
বেকারত্ব ও কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা ভুল এবং এটি আধুনিক ‘দাস প্রথার’ সঙ্গে তুলনীয়। তিনি বলেন, মানুষকে উদ্যোক্তা হওয়ার দিকে উত্সাহিত করতে হবে এবং সরকারের ভূমিকা হবে সহায়ক। সরকারি কর্মকর্তাদের দীর্ঘ সময় একই পদে থাকার ক্ষেত্রে পরিবর্তনের পরামর্শও দিয়েছেন তিনি।
ড. ইউনূস দেশের ভাবমূর্তি রক্ষায় জালিয়াতি ও দুর্নীতি বন্ধের ওপর জোর দিয়ে বলেন, প্রযুক্তিতে প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে এই প্রথা চিরতরে বন্ধ করতে হবে। তিনি প্রত্যয় ব্যক্ত করেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।





























