ভারতের কূটনীতিকদের পরিবারের প্রত্যাহার: সংকেত কী, বোঝা যাচ্ছে না – পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশঃ ০৬:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 45
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পেছনে কোনো নিরাপত্তা–উদ্বেগের তথ্য সরকারকে জানানো হয়নি। এছাড়া এই প্রত্যাহারের মাধ্যমে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না তা স্পষ্ট নয়।
বুধবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা নেই, তবে সংকেত যে কী, তা আমি একেবারেই বুঝতে পারছি না। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। তারা চাইলে তাঁদের কর্মচারী বা পরিবারের সদস্যদের ফিরিয়ে নিতে পারেন, আমরা এতে কিছু করার নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে কূটনীতিক বা তাঁদের পরিবার বিপদে থাকেন। এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। হয়তো তারা অতীত অভিজ্ঞতার কারণে সতর্কতা অবলম্বন করছেন অথবা কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। তবে আমি এ বিষয়টির কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, অতীতের নির্বাচনের তুলনায় এখন সংঘর্ষ বা নিরাপত্তা-ঝুঁকি বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না। ঢাকায় ভারতীয় দূতাবাসও এ ধরনের কোনো উদ্বেগ প্রকাশ করেনি।
তৌহিদ হোসেনের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের কূটনীতিকদের পরিবারের প্রত্যাহারকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি সংযুক্ত করে দেখা যাচ্ছে না এবং এটি মূলত কূটনৈতিক প্রতিষ্ঠানটির নিজস্ব সিদ্ধান্ত।





























