ভোট প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব নিষিদ্ধ, কঠোর ব্যবস্থা নিশ্চিত: ইসি সানাউল্লাহ
- প্রকাশঃ ০২:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সততা ও নিরপেক্ষতার বিষয়ে দৃঢ় অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। নির্দেশনার পরও যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তার পরিণতি কঠোর হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের ভোটে কারচুপির কোনো সুযোগ নেই জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, “ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যবহৃত ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে।”
তিনি আরও জানান, খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনসিল ব্যবহার করবেন। ভোটের দিনে প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
ইসি সানাউল্লাহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
























