চট্টগ্রামে রাতে আটক যুবলীগ নেতা, পরদিনই জামিন
- প্রকাশঃ ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 86
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবু খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকা থেকে তাকে আটক করে পটিয়া থানা পুলিশ। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে একই দিনে তিনি জামিনে মুক্তি পান।
গ্রেপ্তার হওয়া আবু খান হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার দ্রুত জামিনে মুক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল সেলের সাবেক সদস্য কাশেম আল নাহিয়ান বলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সহিংসতা ও রাজনৈতিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের এভাবে দ্রুত জামিন পাওয়া সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করছে।
স্থানীয় সূত্র জানায়, আবু খান আওয়ামী লীগের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ভাই নবাবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে পটিয়ায় যে মিছিল হয়, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন আবু খান। সে সময়কার বিভিন্ন ছবি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে পটিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির নেতৃত্বদানকারী আবু সালেহ শাহরুর ঘনিষ্ঠ হিসেবেও আবু খানের পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও আবু খান দীর্ঘদিন ধরে হাইদগাঁও এলাকায় প্রকাশ্যে সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আবু খানকে একটি অ-আমলযোগ্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জামিন দেওয়া আদালতের এখতিয়ার।






























