চট্টগ্রামে পার্কের সামনে কুড়িয়ে পাওয়া শিশুটি হাসপাতালে, এখনও মেলেনি পরিচয়
- প্রকাশঃ ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 60
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় পার্কের সামনে থেকে উদ্ধার হওয়া তিন মাস বয়সী মেয়েশিশুটির নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। শিশুটি বর্তমানে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, শিশুটির পরিবারের সন্ধান চলছে।
গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্কের ফটকের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মী আবদুল মালেক। তখন শিশুটির পরনে ছিল একটি ডায়াপার এবং নতুন একটি কাঁথা। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
ডবলমুরিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আসলাম সরকার বলেন, শিশুটির ঠান্ডাজনিত সমস্যা ছিল। বর্তমানে সে হাসপাতালের এইচডিইউতে ভর্তি রয়েছে। একজন পুলিশ সদস্য সার্বক্ষণিক তার দেখভাল করছেন। অ্যান্টিবায়োটিক চলছে এবং আগের চেয়ে অনেকটা ভালো আছে।
তিনি আরও জানান, শিশুটির পরিবারের সন্ধান পেতে পুলিশ নিয়ন্ত্রণকক্ষে অবহিত করা হয়েছে এবং বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।
পুলিশ আশা করছে, দ্রুত সময়ের মধ্যেই শিশুটির স্বজনদের খোঁজ পাওয়া যাবে।






























