সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের উদ্যোগে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তন্ময় আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহজাহান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রায়হানুল ইসলাম এবং সহকারী শিক্ষক ইকবাল হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল হক আফনানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক বাঁধন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা, নির্বাহী সদস্য আদনান এবং সাধারণ সদস্য শাওন মাহমুদ, আনিসুর রহমান, মনোয়ার হোসেন, ইমরান ভূঁইয়া, মামুন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান বলেন, পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই পথচলায় শুরু থেকে আজ পর্যন্ত যারা নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন, সম্মানিত সদস্যবৃন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়মিতভাবে রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।




























