নামজারিতে ঘুষ নেওয়ায় মাদারীপুরে ভূমি অফিসের কর্মীর কারাদণ্ড
- প্রকাশঃ ০৯:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 85
মাদারীপুরের শিবচরে জমির নামজারি করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের এক কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কর্মীর নাম নোয়াব আলী। তিনি শিবচর উপজেলা ভূমি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জমির নামজারি সেবার জন্য শিবচর উপজেলা ভূমি অফিসে আসা এক নারীর কাছে নোয়াব আলী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ওই নারী তাকে টাকা পরিশোধ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও নামজারির কাজ সম্পন্ন না হওয়ায় তিনি বিষয়টি উপজেলা ভূমি সহকারী কমিশনারকে অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে নোয়াব আলীকে ভূমি অফিসে হাজির করা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশি হেফাজতে তাকে শিবচর থানায় পাঠানো হয়। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, নামজারি একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা। এ ধরনের সেবায় ঘুষ গ্রহণ সম্পূর্ণ অন্যায় ও দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীর অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


















