প্রথম আলো কার্যালয়ের আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই ফায়ার ফাইটার
- প্রকাশঃ ০১:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 80
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ছড়িয়ে পড়া আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
আহত ফায়ার ফাইটাররা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। তারা মোহাম্মদপুর ফায়ার স্টেশনে কর্মরত। দুর্ঘটনার পরপরই অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিনির্বাপণ কাজ পরিচালনার সময় পানির পাইপ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন ওই দুই ফায়ার ফাইটার। এ সময় আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাঁদের হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক দুই ফায়ার ফাইটারের ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধ একদল মানুষ প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকালেও ফায়ার সার্ভিসের উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছিল। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে।
বর্তমানে প্রথম আলো কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।






























