ওসমান হাদি হত্যা: বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের
- প্রকাশঃ ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 73
ছবি: সংগৃহীত
ওসমান হাদি হত্যার বিচার দাবি করে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগে চলমান অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আর ঘরে ফিরে যাব না। প্রয়োজনে রাত্রিযাপনেরও প্রস্তুতি আছে।
শাহবাগ অবরোধে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাই নন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষও অংশ নেন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা, দেশব্যাপী দোয়া-মোনাজাত এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল-নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে।
উল্লেখ্য, ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি কতদিন চলবে-সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।






























